নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনাব জিয়া উদ্দিন ফরহাদের নাম এখন সাধারণ মানুষের মুখে মুখে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ ও আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে দাউদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করেছেন জিয়া উদ্দিন ফরহাদ। এলাকার তরুণ সমাজ, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণির মানুষ মনে করছেন, একজন শিক্ষিত, সৎ, মার্জিত ও জনবান্ধব নেতৃত্বই পারে দাউদপুর ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে।
এলাকাবাসীর দাবি, দাউদপুর ইউনিয়নে আধুনিক নাগরিক সুবিধা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। তারা মনে করেন, জিয়া উদ্দিন ফরহাদ নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে একটি পরিকল্পিত ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে সক্ষম হবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী জিয়া উদ্দিন ফরহাদ বলেন, “দাউদপুর ইউনিয়নের মানুষ আমার শক্তি ও সাহস। আমি নির্বাচিত হলে কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও আদর্শ দাউদপুর গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি দাউদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই। তরুণদের জন্য কর্মসংস্থান ও খেলাধুলার পরিবেশ সৃষ্টি করাও আমার অঙ্গীকার।”
এদিকে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলের মতে, দাউদপুর ইউনিয়নের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে একজন কর্মীবান্ধব ও মানবিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই দিক থেকে জিয়া উদ্দিন ফরহাদ একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই দাউদপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য বাড়ছে। এখন দেখার বিষয়, জনগণের প্রত্যাশার প্রতিফলন আগামী নির্বাচনে কতটা দৃশ্যমান হয়।

0 মন্তব্যসমূহ